প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ০৯:৩১ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৬ ১০:৪৮ এএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: বাসস
র্যাবের পর এবার ডিজিএফআই সদর দপ্তরে থাকা বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) পরিদর্শনে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানসহ বিচারক ও প্রসিকিউশন টিম।
তাদের শনিবার বেলা ১১টার দিকে এ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম-নির্যাতনের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের স্বার্থে এ পরিদর্শন বলে জানিয়েছে প্রসিকিউশন।
পরিদর্শনে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী থাকবেন।
সঙ্গে থাকবেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্য ও আসামিপক্ষের আইনজীবীরা।
এর আগে, গত ১ আগস্ট রাজধানীর উত্তরায় র্যাব-১ সদর দপ্তরে থাকা টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা ‘আয়নাঘর’ পরিদর্শন করা হয়।
ওই দিন ছোট-বড় মোট ২৯টি কক্ষ ঘুরে দেখেন বিচারপতি মর্তূজাসহ ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা। একই সঙ্গে সাতটি ডেথ সেলে বন্দিদের আটকে রেখে নির্যাতনের চিত্র সম্পর্কে ধারণা নেন তারা।
এর আগে, ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে র্যাব, ডিজিএফআই ও ডিবির গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের সিদ্ধান্ত নেন ট্রাইব্যুনাল-১।
ওই দিন আওয়ামী লীগের টানা শাসনামলে এসব বন্দিশালায় বিরোধী মতাদর্শের লোকদের তুলে নিয়ে নির্যাতনসহ গুমের বর্ণনা দেন তিনি।