× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ জন্মগতভাবেই ফ্যাসিস্ট: ট্রাইব্যুনালে প্রসিকিউশন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ২১:২০ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: বিবিসি বাংলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: বিবিসি বাংলা

আওয়ামী লীগ জন্মগতভাবেই ফ্যাসিবাদী আচরণের সঙ্গে সংশ্লিষ্ট এবং ক্ষমতায় থাকাকালে দলটির আচরণে তা বারবার প্রকাশ পেয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাবি করেছে প্রসিকিউশন।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় মঙ্গলবার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এসব কথা বলেন। 

ট্রাইব্যুনাল-২-এ যুক্তিতর্ক উপস্থাপনের শুরুতে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার এবং জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তুলে ধরেন। একই সঙ্গে স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়কার বিভিন্ন ঘটনা তুলে ধরে তিনি যুক্তি দেন যে, জুলাইয়ের ঘটনাগুলোকে বিচ্ছিন্ন কোনো অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। জ

লাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে তামিম বলেন, “আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছাত্রদের রাজাকার বলে আখ্যায়িত করেন”।

এরপর তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগকে আন্দোলনকারীদের বিরুদ্ধে লেলিয়ে দেন বলে তিনি অভিযোগ করেন।

তামিমের বক্তব্য অনুযায়ী, এসব উস্কানিমূলক বক্তব্যের পর ঢাকাসহ সারা দেশে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এর পরিণতিতে বহু মানুষ প্রাণ হারান বলে তিনি আদালতকে জানান।

প্রসিকিউশনের অভিযোগ, জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের পরিকল্পনা, নির্দেশনা ও বাস্তবায়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তৎকালীন সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী হিসেবেও তিনি এই প্রক্রিয়ায় ভূমিকা রাখেন বলে প্রসিকিউশন দাবি করে।

একই মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধেও আন্দোলন দমনের প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা 'অক্সিলিয়ারি ফোর্স' হিসেবে আন্দোলন দমনে সরাসরি অংশ নেন। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড, নির্যাতন এবং অঙ্গহানির অভিযোগও আনা হয়েছে।

ওবায়দুল কাদেরকে তার ‘কমান্ড রেসপন্সিবিলিটি’র কারণে মামলার আসামি করা হয়েছে বলে প্রসিকিউশন জানিয়েছে। অন্য আসামিরাও নিজ নিজ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা হওয়ায় একই নীতির ভিত্তিতে তাদের আসামি করা হয়েছে বলে তামিম আদালতে যুক্তি দেন।

মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এর আগে ২ আগস্ট এ মামলায় প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন।

গত ২২ জানুয়ারি ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরও আগে, গত বছরের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আদালত ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করতে না পারায় পরে আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ করা হয়। আসামিদের অনুপস্থিতিতেই মামলার বিচার চলছে। আইনে এভাবে বিচার পরিচালনায় কোনো বাধা নেই।

এ মামলার পরবর্তী শুনানির তারিখ ৬ আগস্ট নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল-২।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা