গণঅভ্যুত্থান
বিবিসি বাংলা
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২১:০৪ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৬ ২১:২৪ পিএম
যাত্রাবাড়ীতে নিহতদের ছবি দেখাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ছবি: ভিডিও থেকে
চব্বিশের গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী থানার সামনের ঘটনা তদন্তে গণশুনানিতে ৮৫ জন নিহত হওয়ার তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই তালিকায় আরও নাম যুক্ত হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
যাত্রাবাড়ীতে রবিবার দুপুর ২টা থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত গণশুনানিতে নিহত ও আহতদের স্বজনরা অংশ নেন এবং সেদিনের ঘটনার বর্ণনা তুলে ধরেন।
গণশুনানি শেষে সাংবাদিকদের আমিনুল ইসলাম বলেন, “আমরা প্রাথমিকভাবে প্রায় ৮৫ জনের একটি তালিকা পেয়েছি। এই তালিকায় আরও সংযোজন হতে পারে”।
তিনি জানান, যাত্রাবাড়ীর ঘটনায় সংঘটিত ধারাবাহিক ঘটনাগুলো একীভূত তদন্তের আওতায় এনে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এরপর বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মামলার নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।
চিফ প্রসিকিউটর বলেন, “সিরিজ অব অকরেন্সগুলো আমরা একটি তদন্তের আওতায় এনে তদন্ত প্রতিবেদন জমা দেব এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার সম্পন্ন করব”।
এ সময় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে”।
তিনি আরও জানান, যাত্রাবাড়ী থানার সামনে নিহত তাইউম ভুঁইয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে।