মহানগর দায়রা জজ কোর্ট, ঢাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
১৫ বছর আগে ঢাকার গেণ্ডারিয়ার থানার শ্যামবাজারে কাঁচামাল ব্যবসায়ী মো. চুন্নু মিয়াকে হত্যার অভিযোগে করা মামলায় দুই ছিনতাইকারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল ইসলাম বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. মামুন ও বাবু ওরফে বাঘা বাবু।
দণ্ডের পাশাপাশি প্রত্যেককের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে তাদের আরো ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া ছিনতাইয়ের দায়ে তাদের আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগে বলা হয়, ঢাকার গেণ্ডারিয়া এলাকার শ্যামবাজারে কাঁচামালের ব্যবসা করতেন সবজি ব্যবসায়ী চুন্নু মিয়া। ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২ টার দিকে কাঁচামাল কেনার জন্য যাত্রাবাড়ী আড়তে যান।
সেখান থেকে এক বস্তা বেগুন কিনে রিকশায় করে শ্যামবাজারের উদ্দেশে রওনা হন। ভোর ৫ টার দিকে গেণ্ডারিয়া থানার কাঠেরপুল এলাকায় পৌঁছালে আসামিরা তার রিকশা আটকে দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এরপর তারা তার (চুন্নু মিয়া) কাছে টাকা-পয়সা ছিনতাইয়ের চেষ্টা করে। সে সময় আসামিদের চেনার কথা জানালে চুন্নু মিয়াকে ছুরিকাঘাত করে সজিব।
পরে গেণ্ডারিয়া থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় চুন্নু মিয়ার শ্যালক মো. জাহাঙ্গীর পরদিন গেণ্ডারিয়া থানায় ছিনতাইয়ের পর খুনের অভিযোগ এনে মামলা করেন।
মামলাটির তদন্ত শেষে ২০১১ সালের ১৪ জুন আসামি সজিব, মামুন ও বাঘা বাবুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন গেণ্ডারিয়া থানার উপপরিদর্শক মনিরুজ্জামান।
একই বছরের ৭ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলাটির বিচার চলার সময় আদালত ১৯ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ করে।
বিচার চলাকালে আসামি সজিব মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন আদালত।