× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৃহকর্ত্রী আফরোজা হত্যা: গাড়িচালক হৃদয়ের মৃত্যুদণ্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৪:২১ পিএম

গাড়িচালক মো. হৃদয় বেপারী ওরফে মো. হৃদয় মিঞা ওরফে হৃদয়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাড়িচালক মো. হৃদয় বেপারী ওরফে মো. হৃদয় মিঞা ওরফে হৃদয়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা সুলতানাকে গলা কেটে হত্যার দায়ে তার ব্যক্তিগত গাড়িচালক মো. হৃদয় বেপারী ওরফে মো. হৃদয় মিঞা ওরফে হৃদয়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৩-এর বিচারক মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী বুধবার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. জহিরুল ইসলাম (কাইয়ুম)।

মামলার তদন্ত ও আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, অনলাইন জুয়ায় আসক্ত হয়ে বিপুল অর্থ হারানোর পর সেই দেনা পরিশোধ এবং আফরোজার স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করেন হৃদয়।

ঘটনার দিন আফরোজাকে বাসায় একা পেয়ে চাকু দিয়ে গলা কেটে হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়েছে।

মামলাটি তদন্ত করেন ডিবি গুলশান জোনের সাব-ইনস্পেক্টর মো. রিপন উদ্দিন।

তদন্তে সিসিটিভি ফুটেজ, আসামির স্বীকারোক্তি এবং বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়।

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে মাটির নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৯ ইঞ্চি লম্বা রক্তমাখা চাকু উদ্ধার করা হয়। একই স্থান থেকে উদ্ধার করা হয় লুণ্ঠিত ২২ দশমিক ০৪ গ্রাম স্বর্ণালঙ্কার, রক্তমাখা টিস্যু পেপার এবং ৬০০ টাকাসহ একটি ভ্যানিটি ব্যাগ।

ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. কে এম মঈন উদ্দীনের ফরেনসিক রিপোর্ট এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিটের ডিএনএ পরীক্ষার প্রতিবেদনেও আসামির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন হৃদয়।

মামলায় মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয়। অভিযোগ গঠনের পর ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকাজ শেষ হয়।

রায় ঘোষণার সময় আদালত পর্যবেক্ষণে বলেন, বিশ্বস্ত কর্মচারী হিসেবে কাজ করার সুযোগ নিয়ে আসামি একজন নিরপরাধ নারীকে অত্যন্ত বর্বরোচিত ও ঠাণ্ডা মাথায় গলা কেটে হত্যা করেছেন। আদালতের বিবেচনায় এটি ‘বিরল থেকে বিরলতম’ অপরাধ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৩ মার্চ ঢাকার মধ্য বাড্ডার একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে আফরোজা সুলতানাকে গলা কেটে হত্যা করা হয়। তিনি চাকরিজীবী ছিলেন। ঘটনার পরদিন তার ভাই মো. আল মঞ্জিল বাদী হয়ে বাড্ডা থানায় হত্যা মামলা করেন।

পরে তদন্ত শেষে হৃদয় বেপারীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার এ মামলায় তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা