প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ২২:৩৪ পিএম
রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম। ফাইল ছবি
করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় জালিয়াতির ঘটনায় আলোচিত রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে এনআরবি ব্যাংকের ঋণখেলাপির দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
ঋণের দাবিকৃত অর্থের ২৫ শতাংশ আদালতে জমা দিতে না পারায় তার জামিন আবেদন গ্রহণ করা হয়নি।
ঢাকার অর্থঋণ-৪ আদালতের বিচারক মো. মোশাররফ হোসেন সোমবার এ আদেশ দেন।
এ দিন দুটি মামলায় সাহেদের পক্ষে জামিন আবেদন করা হয়। তবে অর্থঋণ আদালতের বিধান অনুযায়ী দাবিকৃত অর্থের ২৫ শতাংশ জমা না দেওয়ায় আদালত তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। সাহেদের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৪ সালে রিজেন্ট হাসপাতালের নামে এনআরবি ব্যাংক থেকে ১ কোটি ৫১ লাখ ৮১ হাজার টাকা ঋণ নেওয়া হয়। এ ছাড়া সাহেদ করিমের নামে ৫ লাখ ৫৫ হাজার টাকার একটি ক্রেডিট কার্ড সুবিধাও গ্রহণ করা হয়। দীর্ঘদিন ঋণ ও ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ না করায় ২০২১ সালে এনআরবি ব্যাংক দুটি মামলা করে। বর্তমানে সুদ-আসলসহ ব্যাংকের দাবি প্রায় ৩ কোটি ৫২ লাখ টাকা।
এর আগে গত ২০ জুলাই রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনার মামলার পরোয়ানার ভিত্তিতে সাহেদকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ।