প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ২০:১৫ পিএম
হাইকোর্ট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের বাজারে প্রচলিত ২৬টি ব্র্যান্ডের টুথপেস্টে মানবদেহের জন্য ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে এসব ক্ষতিকর টুথপেস্ট বাজার থেকে দ্রুত প্রত্যাহারের নির্দেশনাও চাওয়া হয়েছে।
জনস্বার্থে সোমবার রিট আবেদনটি করেন অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল মামুন।
রিটে যেসব টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাবে, সেগুলো বাজার থেকে প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতেও হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
আবেদনে বলা হয়, নতুন এক গবেষণা অনুযায়ী, ‘বাংলাদেশে পরীক্ষা করা ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে এ সব ক্ষুদ্র প্লাস্টিক কণার সংখ্যা ছিল ২০ থেকে ৩২০টি পর্যন্ত। শিশুদের জন্য তৈরি ছয়টি টুথপেস্টের চারটিতেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।’
আবেদনে আরও বলা হয়, ‘এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) নতুন এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষকেরা বলছেন, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মানবস্বাস্থ্য ও পরিবেশের সম্ভাব্য ঝুঁকি নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করছে।’
রিট আবেদনে স্বাস্থ্য, পরিবেশ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
অ্যাডভোকেট মামুন সংবাদমাধ্যমকে জানান, রিট আবেদনটির ওপরে মঙ্গলবার শুনানি হতে পারে।