অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ছবি: অভিনেতার ফেসবুক থেকে
চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির অভিযোগে আদালতে মামলা করেছেন তার আপন খালাতো ভাই ও এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে রবিবার মামলাটি দায়ের করা হয়।
আদালত অভিযোগটি আমলে নিয়ে ডিবি পুলিশের উপ-কমিশনারকে (ডিসি) তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় ডিপজলের পাশাপাশি তার ম্যানেজার আব্দুল গণি ও ব্যক্তিগত সহকারী খোকনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মাজহারুল ইসলাম মারুফ।
মামলার অভিযোগে বলা হয়েছে, আজিজুর রহমান টাইগারের সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ডিপজল বিভিন্ন অপপ্রচারে জড়িত ছিলেন। এর ধারাবাহিকতায় গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার আব্দুল গণি দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে অভিযোগ করা হয়, টাইগারের নির্দেশে কয়েকজন ব্যক্তি নাভানা সিএনজি নামের একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ভাঙচুর করে নিজেদের নামে সাইনবোর্ড লাগানোর চেষ্টা করেন এবং জমির মালিকানা দাবি করে ভাড়া দাবি করেন। তবে তদন্তে এ ঘটনায় টাইগারের সম্পৃক্ততার প্রমাণ পায়নি পুলিশ।
মামলায় আরও উল্লেখ করা হয়, ঘটনার পরদিন ডিপজল তার ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে পোস্ট দেন। পাশাপাশি বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে বক্তব্য দিয়ে টাইগারের বিরুদ্ধে অপপ্রচার চালান বলে অভিযোগ করা হয়েছে।
বাদীর দাবি, নাভানা সিএনজি-সংক্রান্ত সম্পত্তির প্রকৃত মালিক তিনি। ডিপজলের এসব বক্তব্য ও প্রচারণার কারণে তার সামাজিক মর্যাদা, ব্যবসায়িক সুনাম এবং আর্থিকভাবে কোটি টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় আদালতের নির্দেশে ডিবি পুলিশ অভিযোগের সত্যতা যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।