প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৫:৩৭ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৬ ১৭:১৮ পিএম
মোজাফফর হোসেন। ফাইল ছবি
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনাল-২–এর ‘মিস কেস ১/২৬’ মামলায় মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার আদালতে আনা হয়। মামলাটি করেছেন চিফ প্রসিকিউটর। মামলার অপর আসামি ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
এদিন সকাল সাড়ে ৯টা দিকে মোজাফফর হোসেনকে প্রিজনভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। দুপুর পৌনে ১টার দিকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষে নেওয়া হয়। এরপর শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত।
এর আগে মঙ্গলবার মেজর মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
ওইদিন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। শুনানিতে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের আবেদন করেন চিফ প্রসিকিউটর। পরে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।
শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতকে বলেন, “সাবকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার মোজাফফর হোসেনের মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার তথ্য রয়েছে। আমরা তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট আদালতে হাজির করার নির্দেশনা চাচ্ছ “। শুনানি শেষে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন আদালত।
জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব:) মোজাফফর গত ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। গত ১৫ জুলাই রাতে তাকে গ্রেপ্তার ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।