প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ০৮:৪৩ এএম
জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন। ফাইল ছবি
মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হবে।
গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শুনানি শেষে চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
রাষ্ট্রপতি জিয়া হত্যাকাণ্ডের পর ‘বিদ্রোহের’ অভিযোগে সামরিক আদালতে ১৮ জন সেনা কর্মকর্তার বিচার হয়। তাদের মধ্যে ১৩ জনের মৃত্যুদণ্ড এবং অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়। তবে দুজন মেজর পালিয়ে যান, তার মধ্যে মেজর মোজাফফর একজন। অন্যজন হলেন মেজর এসএম খালেদ।
৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অব.) মোজাফফরকে গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করে পরদিন ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ১৬ বছর ধরে সাবেক সংসদ সদস্য ও সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও মোজাফফরের মধ্যে যোগাযোগ ছিল।
তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে মাসুদ উদ্দিন চৌধুরীর ‘সুসম্পর্ক’ ছিল এবং সেসময় একাধিক নির্বাচনে নানা সমীকরণে তার ষড়যন্ত্রে যুক্ত থাকার তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। এই দুজনকে একত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন হতে পারে।
সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে সংঘটিত হত্যাযজ্ঞে ১৭ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলামসহ চার আসামিকে আগামী ৩ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার এ আদেশ দেন।
মামলার বাকি আসামি হলেনÑ যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান।