জুলাই হত্যাকাণ্ড
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ২১:০০ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬ ২১:০৮ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী মনিরুল ইসলামসহ চারজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার এই আদেশ দেন। আগামী ৩ আগস্ট তাদের ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।
সাবেক এমপি মনিরুল ইসলাম ছাড়াও মামলার অন্য তিন আসামি হলেন— যাত্রাবাড়ী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান।
প্রসিকিউটর জানান, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আটজন এবং ২০ জুলাই ৯ জন নিহত হন। এ ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় বুধবার চার আসামিকে হাজির করতে বলেছে ট্রাইব্যুনাল।