× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের ৩ বিচারক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ২২:১২ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৬ ২২:১৭ পিএম

‘আয়নাঘর’। ছবি: বিবিসি

‘আয়নাঘর’। ছবি: বিবিসি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের কেন্দ্র হিসেবে পরিচিত ‘আয়নাঘর’ বা গোপন বন্দিশালাগুলো সশরীরে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। 

ঢাকার কচুক্ষেত এলাকায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ‘জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার’ (জেআইসি), র‍্যাবের ‘টাস্কফোর্স ফর ইন্টারোগেশন’ (টিএফআই) সেল এবং ডিবি কার্যালয়ের সন্দেহভাজন কক্ষগুলো এই পরিদর্শনের তালিকায় রয়েছে।

প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ট্রাইব্যুনাল এই সিদ্ধান্ত জানান। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই পরিদর্শন কার্য পরিচালনা করবেন।

এর আগে আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, বিগত সরকারের আমলে বিরোধী মতাদর্শের ব্যক্তিদের তুলে নিয়ে বছরের পর বছর এসব গোপন স্থানে আটকে রেখে অমানবিক নির্যাতনের অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে এবং প্রকৃত চিত্র অনুধাবনের জন্য এসব স্থাপনা বিচারকদের সরাসরি পরিদর্শন করা প্রয়োজন। ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনটি আমলে নিয়ে পরিদর্শনে যাওয়ার বিষয়ে সম্মতি জানায়।

আদেশের পর এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, গুমের অভিযোগে তদন্তাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শনের অনুমতি চেয়ে ট্রাইব্যুনাল-১-এ আবেদন করা হয়। 

আবেদনে উল্লেখ করা হয়, বিগত সরকারের সময় গুমের শিকার ব্যক্তিদের বিভিন্ন গোপন স্থাপনায় আটকে রাখা হয়েছিল বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। এ সব স্থাপনার মধ্যে ঢাকা ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় ডিজিএফআই কমপ্লেক্সের একটি স্থাপনা, র‍্যাব-১-এর একটি টিএফআই সেল এবং ডিবি কার্যালয়ের একটি কক্ষ রয়েছে। সেখানে আওয়ামী লীগের আমলে গুমের শিকার ব্যক্তিদের নিয়ে বিভিন্ন আয়নাঘরে রাখা হতো। এর মধ্যে র‍্যাব-১ এ টিএফআই সেল, কচুক্ষেতে ডিজিএফআইয়ের সদর দপ্তরে জেআইসি ও ডিবি কার্যালয়ে কয়েকটি আয়নাঘরের সন্ধান রয়েছে। সেগুলো আমরা পরিদর্শন করার জন্য ট্রাইব্যুনাল একে আমরা একটি আবেদন করি।

এ সময় তিনি আরও বলেন, “আমাদের প্রচলিত আইনে আছে যে ট্রাইব্যুনালের বিচারক মহোদয়গণ তারা কোনো ঘটনাস্থল মামলার স্বার্থে তারা পরিদর্শন করতে পারেন। পৃথিবীতে এরকম রুয়ান্ডা ট্রাইব্যুনালে এবং যুগোস্লাভিয়া ট্রাইব্যুনালে এরকম দুইটি ঘটনা আছে সেখানে ট্রাইব্যুনাল সশরীরে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং সেটাই মেমোর‍্যান্ডাম হিসেবে নিয়ে সেটি বিচারের কাজে ব্যবহৃত হয়েছে। আমরা সেই নিউজটি উপস্থাপন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদনটি বিবেচনা করেছেন। ট্রাইব্যুনাল এক সম্মতি জ্ঞাপন করেছেন যে ট্রাইব্যুনালের তিনজন বিচারক সশরীরে আয়নাঘর পরিদর্শন করবেন।”

তিনি আরও জানান, যেকোনো সময় দিন-তারিখ দেবে ট্রাইব্যুনাল। পরিদর্শনের ক্ষেত্রে প্রসিকিউশনকে তারা নোটিশ করতে পারেন। এরপরই যৌথভাবে পরিদর্শন কার্যটি সম্পন্ন হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা