প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৭:১৮ পিএম
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। ফাইল ছবি
প্রতারণার অভিযোগে ঢাকার ওয়ারী থানায় দায়ের করা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত মঙ্গলবার এ আদেশ দেন।
তৌহিদ আফ্রিদির আইনজীবী ইকবাল মাহমুদ শোভন বিষয়টি নিশ্চিত করে জানান, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। অন্য দুটি মামলায় তিনি আগেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এবার ওয়ারী থানার মামলায় জামিন পাওয়ায় তার বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি এখন জামিনে আছেন। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই।
এর আগে গত ১৫ জুন এ মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়। অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে যোগাযোগ করে। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
আরও বলা হয়েছে, শুরুতে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর ধাপে ধাপে বড় অঙ্কের টাকা নেওয়া হয়। পরে মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দিলেও ভুক্তভোগীর কাছ থেকে সর্বমোট দুই লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
ওই ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতনামা আসামি করে ওয়ারী থানায় একটি মামলা করেন। এরপর গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডেও নেওয়া হয়।