খসড়া প্রতিবেদন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৪:৩৩ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬ ১৪:৪০ পিএম
রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে যৌথ অভিযান চালায় পুলিশ, র্যাব ও বিজিবি। ফাইল ছবি
রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ জনকে আসামি করে প্রসিকিউশনের কাছে ‘খসড়া তদন্ত প্রতিবেদন’ জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। অন্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও এ কে এম শহীদুল হক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং তৎকালীন ডিএমপি কমিশনার।
এছাড়া একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবীরকেও এই তদন্ত প্রতিবেদনে আসামি করা হয়েছে।
তবে তদন্ত এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, “প্রতিবেদন পেয়েছি বলতে আমাদের কাছে একটা খসড়া দিয়েছে। মানে আমরা ফাইনাল পাইনি। তবে আমরা এটা নিয়ে পর্যালোচনা করে দেখছি।”
চিফ প্রসিকিউটর জানান, নথিপত্র পর্যালোচনা শেষে আগামী ২১ জুলাই তদন্ত প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।
এদিকে মামলার অগ্রগতি জানতে এদিন প্রসিকিউশনের আইনজীবী দলের সঙ্গে মতবিনিময় করতে আসেন হেফাজতের নেতারা।
এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, “তারা আমাদের সাথে মতবিনিময় করবেন। এরপরে আমরা হয়তো ফাইনাল রিপোর্টটা আসা সাপেক্ষে মামলার কার্যক্রম পরিচালনা করব। আপাতত উনারা আমাদের অগ্রগতি জানতে আসছেন, আমরা হয়তো জানাব।”
২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর সংঘর্ষ ও উত্তেজনার পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে শাপলা চত্বর খালি করা হয়। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগকে কেন্দ্র করে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে।