প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২ ঘণ্টা আগে
হাইকোর্ট। ছবি: মো. সাইফুল ইসলাম
দেনমোহর আদায়ে আদালতের পদ্ধতি ও নীতিমালা তৈরি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এসংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার (১৩ জুলাই) এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার নিজে।
হাইকোর্ট প্রাথমিক শুনানিতে বলেন, ধর্মীয় রীতি বাদ দিয়ে লোক দেখানো দেনমোহর ধার্য করতে গিয়েই যতো সমস্যা হচ্ছে। এ বিষয়ে ইসলামী শরিয়াহ আইনের বাইরে যাওয়া যাবে না বলেও আদালত মন্তব্য করেন।
গত ৫ জুলাই বিয়ের সময় ধার্যকৃত দেনমোহর আদায়ে আদালতের পদ্ধতি ও নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার রিটটি দায়ের করেন। রিটে কেন মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারার অধীনে একটি ব্যাপক নির্দেশিকা প্রণয়ন ও জারি করার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়।
রিট আবেদনে আরও বলা হয়, বিয়ের তারিখের এক বছর পর প্রদত্ত দেনমোহরের মূল্যায়ন ও আদায়ের পদ্ধতি, নীতিমালা ও উপায় নির্ধারণ করা থাকবে, যার উদ্দেশ্য হবে বিয়েতে নারীদের অধিকার ও আর্থিক স্বার্থ রক্ষা ও সংরক্ষণ করা। সেই সঙ্গে রিটে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারার অস্পষ্টতা দূর করে ন্যায়বিচার নিশ্চিত করার কথা বলা।