প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ঘণ্টা আগে
আপডেট : ১৭ ঘণ্টা আগে
২০১৩ সালের ৫ই মে মতিঝিলের শাপলা চত্বর এলাকার দৃশ্য। ছবি: বিবিসি বাংলা
২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বুধবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “প্রতিবেদনটি আনুষ্ঠানিক অভিযোগ আকারে আগামী ২১ জুলাই ট্রাইব্যুনালে দাখিল করা হবে”।
চিফ প্রসিকিউটর জানান, এ মামলায় ৩০ জন আসামি হতে পারেন। প্রসিকিউশনের তথ্যানুযায়ী, শাপলা চত্বরের ঘটনায় ঢাকা ও ঢাকার বাইরে একাধিক জেলায় ৫৮ জন নিহতের তথ্য তারা পেয়েছেন।
এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) একেএম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্লা নজরুল ইসলাম কারাগারে আছেন। গত বছরের ১২ মার্চ এ মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ইতোমধ্যে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ডাকা সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সেই রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মতিঝিল থেকে হেফাজতের নেতাকর্মীদের সরিয়ে দেয়।
এ অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম। এর ধারাবাহিকতায় তদন্ত শেষ করার কথা জানালেন চিফ প্রসিকিউটর।