জুলাই হত্যাচেষ্টা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
রাজধানীর মোহাম্মদপুরে জুলাই আন্দোলন চলাকালে সোহেল রানা নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৬ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৮ জুলাই দিন ধার্য করেন।
মামলার অভিযোগে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়সংলগ্ন মজুর ভিলার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন মামলার বাদী ও ভুক্তভোগী মো. সোহেল রানা (৩৮)। এ সময় এজাহারভুক্ত অন্য আসামিরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে আসামিদের ছোড়া গুলিতে সোহেল রানা গুলিবিদ্ধ হন। পরে ছাত্র-জনতার ওপর বোমা নিক্ষেপ করা হলে বাদীসহ অনেকেই গুরুতর আহত হন। এ ঘটনায় ২০২৫ সালের ১১ জুন মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগ ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।