আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুপ্রিম কোর্টের আইনজীবীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা সোমবার সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এ আশ্বাস দেন।
এ সময় বার নেতারা জানান, বিদ্যমান অবকাঠামো ক্রমবর্ধমান আইনজীবীর সংখ্যা ও পেশাগত চাহিদা পূরণে আর যথেষ্ট নয়।
কার্যকর কর্মপরিবেশ নিশ্চিত করতে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানান তারা।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এ দাবির যৌক্তিকতার সঙ্গে একমত পোষণ করে বলেন, বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন এবং আইনজীবীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
সাক্ষাতে বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ.এম. মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মো. জিয়াউর রহমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে সরকার ও আইনজীবীদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।