ফাইল ছবি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ভাগ্নের পাঁচ বছরের সাজার রায় শুনে অসুস্থ হয়ে মারা গেছেন আইয়ুব নামে এক ব্যক্তি। এ মামলায় নয় আসামির পাঁচ বছরের সাজা দিয়েছেন আদালত।
ঢাকার দশম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
পাশাপাশি তাদের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সাজা দেওয়া হয়েছে।
এ সময় রায় শুনে আদালতে উপস্থিত থাকা মিঠুনের মামা আইয়ুব অসুস্থ হয়ে পড়েন। পরে পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক এস এম রাশেদুল হাসান বলেন, “আমাদের এখানে (হাসপাতালে) আসার আগেই তিনি মারা গেছেন। ধারণা করছি, কার্ডিয়াক অ্যারেস্টে তিনি মারা গেছেন”।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফারুকুল ইসলাম দেওয়ান বলেন, “এদিন এ মামলার নয় আসামিদের মধ্যে শুধু মিঠুন আদালতে উপস্থিত ছিলেন”।
সাজাপ্রাপ্ত অপর আট আসামি হলেন মুরাদ, ছাবির, রাজা, মাসুম হোসেন, মিঠুন, বিল্লাল, রাজা, ওয়াহিদুল সনু ও জুম্মন মিয়া।
তারা সবাই পলাতক থাকায় সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৮ সালের ২৬ মে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে মাদক ক্রয়-বিক্রি হচ্ছে এমন সংবাদে অভিযান চালায় র্যাব-২। এ সময় এক হাজার ৯৫০ পিস ইয়াবাসহ নয়জনকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনার দিন পুলিশ পরিদর্শক ইকরামুল হক চৌধুরী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২২ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদপুর থানা পুলিশের উপপরিদর্শক সাজেদুল হক।
এতে আসামি মিঠুনসহ নয়জনকে অভিযুক্ত করা হয়েছে। পরে ২০১৯ সালের ২৭ মে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে চারজনের সাক্ষ্য গ্রহণ করেন।