প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
সাবেক এমপি আশিকা সুলতানাকে আদালতে নেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার মিরপুর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি আশিকা সুলতানাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত সোমবার এ আদেশ দেন।
তিন দিনের রিমান্ড শেষে এদিন তাকে আদালতে হাজির করে পুনরায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মিরপুর মডেল থানার এসআই আল মামুন হোসেন।
আশিকা সুলতানার পক্ষে তার আইনজীবী শাহাবুদ্দিন রাজু রিমান্ড বাতিল করে জামিন প্রার্থণা করেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকার মিরপুর সাড়ে ১১ নম্বর থেকে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ১৯ জুন মিরপুর এক নম্বরের এপেক্স শোরুম সংলগ্ন বাটা শোরুমের সামনের রাস্তায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন সরকারবিরোধী মিছিল করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উপস্থিত আসামিরা তাদের কাছে থাকা বিভিন্ন ব্যানার ফেস্টুন রেখে পালিয়ে যায়।
পরে ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা মিছিল করেছে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।