ঝিনাইদ-৩ আসনের সাবেক এমপি নবী নেওয়াজকে আদালতে নেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জুলাই আন্দোলনে ঢাকার আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ঝিনাইদ-৩ আসনের সাবেক এমপি নবী নেওয়াজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহেসানুল ইসলাম আদালত সোমবার এ আদেশ দেন।
এদিন শুনানিতে তাকে আদালতে হাজির করে ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী সামসুর রহমান বাদল গ্রেপ্তার না দেখানোর প্রার্থণা করেন। শুনানি শেষ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের শেষ দিন অর্থাৎ ২০২৪ সালের ৫ অগাস্ট রুবেলসহ কয়েকশ’ ছাত্র-জনতা সকাল ১১টার দিকে আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতা-কর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়। কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২০২৪ সালের ২২ অগাস্ট আদাবর থানায় মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।