প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩, ঢাকা। ছবি: সংগৃহীত
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ প্রমাণ হওয়ায় মানবাধিকারকর্মী মোস্তাকিন শরীফ ও তার স্ত্রী জান্নাতুল নাঈমাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রায়ে কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক শাহানাজ সুলতানা রবিবার এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা জারি করে তাদের কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু রায়হান সরকার তথ্যটি নিশ্চিত করেন।
মামলার এজহারে বলা হয়, ২০১৮ সালের ৩১ অক্টোবর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে গুরুতর আহত অবস্থায় ১৪ বছর বয়সী হাওয়া আক্তারকে উদ্ধার করে পুলিশ। পরে তার বক্তব্যে উঠে আসে, একই বছরের ১ জুলাই থেকে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করার সময় তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে।
তদন্তে জানা যায়, কাজে সামান্য ভুল হলেই তাকে গালিগালাজ করা হতো। গরম লোহার খুন্তি, রড ও ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হতো। এমনকি পোড়া ক্ষতের ওপর মরিচের গুঁড়া লাগিয়ে আরও যন্ত্রণা দেওয়া হতো।
অভিযোগে বলা হয়, নির্যাতনের সময় একজন তাকে ধরে রাখতেন, আর অন্যজন মারধর করতেন। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেও তাকে বাধা দেওয়া হতো।
ঘটনার পর ২০১৮ সালের ৩১ অক্টোবর খিলগাঁও থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ২২ অক্টোবর এসআই প্রশান্ত বালা আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
২০২২ সালের ১৯ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ ৯ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। সাক্ষ্যগ্রহণ, আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এ রায় ঘোষণা করেন।