ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে। ছবি: সংগৃহীত
ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে আসামি পক্ষে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বৃহস্পতিবার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। এগুলো সম্পন্ন হলেই ডেথ রেফারেন্স ও আপিল শুনানি হাইকোর্টে অনুষ্ঠিত হবে।
এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন।
এই নির্দেশের পর অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে নিয়োগ দেওয়া হলো।
ফৌজদারি আইনে পারদর্শী এই আইনজীবী এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াই চালাবেন।
এর আগে চলতি বছরের ১৯ মে রামিসাকে ধর্ষণের পার হত্যা করেন সোহেল রানা। এ অপরাধে তাকে পূর্ণ সহায়তা করেন তার স্ত্রী স্বপ্না আক্তার।
দুই জনকেই মৃত্যুদণ্ড দেন ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।
রায়ের পর দুই আসামিকে পাঠানো হয় কনডেম সেলে। কনডেম সেল থেকে তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন।