সালমান শাহ হত্যা মামলা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
সালমান শাহ। ফাইল ছবি
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় মরদেহ কবর থেকে উত্তোলনের পূর্ববর্তী আদেশ বাতিলের আবেদন করেছে বাদীপক্ষ। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন।
এদিন প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি।
এর আগে গত ২০ মে হত্যার প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে ২৪ মে আদালত মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পুনরায় ময়নাতদন্তের অনুমতি দেন।
তবে মঙ্গলবার বাদীপক্ষ ওই আদেশ বাতিলের আবেদন করলে আদালত আবেদনটি নথিভুক্ত করেন, যদিও এ বিষয়ে কোনো আদেশ দেননি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক শাহ আলম।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ (মোহাম্মদ শাহরিয়ার ইমন)। প্রথমে ঘটনাটি অপমৃত্যু হিসেবে তদন্ত করা হলেও পরে তার পরিবার হত্যার অভিযোগ তোলে। ১৯৯৭ সালে সিআইডি চূড়ান্ত প্রতিবেদনে মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করলে তা নিয়ে দীর্ঘ আইনি লড়াই শুরু হয়।
সবশেষ ২০২৪ সালের ২০ অক্টোবর আদালত বাদীপক্ষের রিভিশন আবেদন মঞ্জুর করে ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরদিন রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করা হয়। মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বাদীপক্ষের অভিযোগ, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। অন্যদিকে মামলার তদন্ত এখনও চলমান রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী ২৩ জুলাই মামলার অগ্রগতির বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।