জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার বংশালে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মো. মোখলেছিনকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত সোমবার এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক মো. আশরাফ হোসেন আসামিদেরকে আদালতে হাজির করে এ আবেদন করেন।
আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত গ্রেপ্তারের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন আগস্টের ৫ তারিখ মিছিলরত অবস্থায় চানখারপুল মোড়ে নাজিমউদ্দীন রোডে বাদী মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। ওই ঘটনায় গত বছরের ১ জানুয়ারি ভুক্তভোগী মোখলেছিন বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।