প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৬ ১৯:৩৬ পিএম
ডা. দ্বীপু মণি এম.পি। ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার শাহবাগ ও পল্টন থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত শুনানি শেষে মঙ্গলবার এই আদেশ দেন। শাহবাগ থানায় ব্যবসায়ী মো. মনির এবং পল্টন থানায় রিয়াজুল তালুকদার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
এদিন জামিন আবেদনের পক্ষে শুনানি করেন দীপু মনির আইনজীবী রাশিদা আক্তার জুঁথি। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের দিন শাহবাগ থানার চানখাঁরপুল এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন ঝুট ব্যবসায়ী মো. মনির। ওইদিন দুপুরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় তার স্ত্রী রোজিনা আক্তার পরবর্তীতে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করা হয়।
অন্য মামলাটি ৪ আগস্ট পল্টনের তোপখানা এলাকায় গুলিতে রিয়াজুল তালুকদার নিহতের ঘটনায় দায়ের করা হয়। গত ১২ সেপ্টেম্বর নিহতের সহকর্মী বিল্লাল হোসেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
২০২৪ সালের ১৯ আগস্ট ঢাকার বারিধারা এলাকা থেকে পুলিশ ডা. দীপু মনিকে গ্রেপ্তার করে। সাবেক এই পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট হত্যা, হত্যাচেষ্টা ও মানবতাবিরোধী অপরাধসহ দেশের বিভিন্ন থানায় প্রায় ৭০টি মামলা রয়েছে।