প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৬ ১৮:৫২ পিএম
হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা। ফাইল ছবি
ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড আদেশ পাওয়া দুই আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। হাইকোর্টের বিশেষ বেঞ্চে যেকোনো দিন এ মামলার শুনানি শুরু হতে পারে।
সুপ্রিম কোর্ট প্রশাসন মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে।
প্রশাসন সূত্র জানিয়েছে, বিজি প্রেস থেকে পেপারবুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে জমা পড়েছে। বর্তমানে এর যাচাই-বাছাইয়ের কাজ চলছে। যাচাই শেষে শুনানির জন্য এটি কার্যতালিকায় আসবে।
এর আগে, গত ৯ জুন নিম্ন আদালত থেকে মৃত্যুদণ্ড অনুমোদনের নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়। আইন অনুযায়ী, বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়, যা ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত।
গত ৭ জুন রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ফাঁসির রায় ঘোষণা করে আদালত। পাশাপাশি আসামি সোহেলকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে আসামি স্বপ্নাকে দণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ১৯ মে পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে ঘাতক সোহেল রানা। এই পৈশাচিক অপরাধে তাকে সরাসরি সহযোগিতা করেন তার স্ত্রী স্বপ্না আক্তার। ঘটনার পর দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়।