প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৯ পিএম
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। ফাইল ছবি
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৪১টি ব্যাংক হিসাব ফ্রিজ বা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ সোমবার এই আদেশ দেন। এদিন দুদকের উপপরিচালক মো. আলমগীর হোসেন হিসাবগুলো অবরুদ্ধের আবেদন করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এসব তথ্য জানিয়েছেন।
দুদকের আবেদনে বলা হয়, আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, তার ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে বিপুল অর্থ জমা রাখা হয়েছে। বর্তমানে এসব অর্থ বিদেশে পাচার বা অন্য কোথাও সরিয়ে ফেলার আশঙ্কা থাকায় হিসাবগুলো জরুরিভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।
বিভিন্ন ব্যাংকে থাকা এই ৪১টি হিসাবে বর্তমানে মোট ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা ৭৫ পয়সা জমা রয়েছে বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়।