বাসস
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৯ পিএম
সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। ছবি : ফাইল ছবি
গুম ও শতাধিক মানুষকে হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলায় সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। সাক্ষ্য গ্রহণ শেষে আসামিপক্ষ তাকে জেরা শুরু করেছে। অবশিষ্ট জেরার জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সোমবার সাবেক সেনাপ্রধান তার দ্বিতীয় দিনের সাক্ষ্য প্রদান করেন। এরপর তাকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা। শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ১৮ ফেব্রুয়ারি জেরার অবশিষ্টাংশের জন্য দিন পুনর্নির্ধারণ করেন।
এদিন ট্র্যাইব্যুনালে প্রসিকিউসনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামীমসহ অপর প্রসিকিউটররা। অন্যদিকে জিয়াউল আহসানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও নাজনীন নাহার।
গত ১৪ জানুয়ারি এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার রয়েছেন। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন।