প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৭ পিএম
প্রতীকী ছবি
দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার মো. আব্দুল হালিম এবং সাবেক অতিরিক্ত সচিব মো. সবুর হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন সংশ্লিষ্ট দুই ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় পাঁচ লাখ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন ও মিটার যোগাযোগ ব্যবস্থা স্থাপন শীর্ষক প্রকল্পের ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। বর্তমানে অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।
আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধান নিশ্চিত করতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান একান্ত প্রয়োজন।
শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।