প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ১৭:২৪ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬ ১৭:২৮ পিএম
সংগীতশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। ছবি: বাসস
সংগীতশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চলাকালে তার ঢাকা ও মানিকগঞ্জের চারটি বাড়িসহ স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ মঙ্গলবার এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সংস্থার উপ-পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম এসব সম্পদ জব্দের আবেদন জানান। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্যটি জানিয়েছেন।
আবেদনে বলা হয়, মমতাজ বেগম এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। এই প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় সম্পদগুলো হাতবদল বা বিক্রয় হওয়ার আশঙ্কা থাকায় সেগুলো ক্রোক করা প্রয়োজন।
আদালতের আদেশে মমতাজের যেসব সম্পদ জব্দের কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে— ঢাকার মহাখালী ডিওএইচএসের একটি ৫ তলা বাড়ি, মানিকগঞ্জের সিংগাইরে দুটি দোতলা বাড়ি, মানিকগঞ্জ সদরে একটি ৪ তলা বাড়ি এবং পূর্বাচলে ৯ কাঠার একটি প্লট। এছাড়া সিংগাইর ও মানিকগঞ্জ সদরে বিভিন্ন মৌজায় ৫ শতাংশ, ৭ শতাংশ এবং ৪১২ দশমিক ৫১ শতাংশসহ বেশ কিছু জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।
মানিকগঞ্জে পৈতৃক সূত্রে পাওয়া একটি দোতলা বাড়ি ব্যতীত জব্দকৃত এসব স্থাবর সম্পত্তির দাপ্তরিক মূল্য দেখানো হয়েছে ১১ কোটি ৮১ লাখ ৭৩ হাজার ৫৮৪ টাকা।
গত বছরের ১৩ মে দিবাগত রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
মমতাজ বেগম ২০০৮ সালে নবম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে সংসদীয় রাজনীতিতে আসেন। পরবর্তীতে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে টানা দুবার নৌকা প্রতীকে নির্বাচিত হন। তবে গত ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন এই সংগীতশিল্পী।