প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ১৭:৩৬ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬ ১৮:৪৮ পিএম
বিপ্লব কুমার সরকার। ফাইল ছবি
দুর্নীতির অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব ও দুটি বিও হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর বৃহস্পতিবার এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।
এদিন দুদকের সহকারী পরিচালক রাসেল রনি এসব ব্যাংক ও বিও হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন।
আবেদনে বলা হয়, বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে সরকারি কর্মচারী হয়েও ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নিজের এবং পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এসব অপরাধের অনুসন্ধান চলছে।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, বিপ্লব কুমার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম তাদের ব্যাংক ও বিও হিসাব থেকে অর্থ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করছেন। এসব সম্পদ বেহাত হয়ে গেলে পরবর্তীতে টাকা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। তাই দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭-এর ১৮ বিধি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ১৪ ধারা অনুযায়ী এসব হিসাব অবরুদ্ধ রাখা জরুরি।
এর আগে গত ৯ ডিসেম্বর বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণয় কুমার সরকার এবং শ্যালিকা শাহানারা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলো একই আদালত।