আরিফ হত্যা মামলা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৩ পিএম
রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহা ফারজানা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. মাজহারুল ইসলাম খাদিজা ইয়াসমিন বিথীকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন। আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা তথ্যটি নিশ্চিত করেন।
এর আগে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মামলার মূল নথি দায়রা আদালতে থাকায় খাদিজা ইয়াসমিন বিথীকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।
আবেদনে বলা হয়, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল নেতা মো. আরিফ সিকদারকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল মৃত্যু হয় তার। নিহত আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তরের ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন।
এ ঘটনায় নিহত আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা করেন। পরবর্তীতে আরিফ মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। এ মামলায় সুব্রত বাইনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।