জুলাই হত্যা মামলা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ২০:১০ পিএম
নজরুল ইসলাম মজুমদার। ছবি : সংগৃহীত
জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানার সবুজ হত্যা মামলায় নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন তথ্য নিশ্চিত করেছেন।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক রেজাউল করিম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, মামলার ঘটনাস্থল পরিদর্শনসহ ঘটনাস্থলের আশপাশে বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ করি। বিশ্বস্ত গুপ্তচর ও আমার গোপনীয় তদন্তে উল্লেখিত আসামি এই মামলার ঘটনার সঙ্গে জড়িত অপর সহযোগী আসামিদের মধ্যে অর্থ সরবরাহ ও পর্যায়ক্রমে উসকানি দিয়েছে মর্মে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ‘হাসিনা একদিনে ফ্যাসিস্ট হয়ে ওঠেননি। ১৭ বছর ধরে নজরুল ইসলাম মজুমদারের মত লোকেরা অর্থ দিয়ে, মদদ দিয়ে তাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে। আন্দোলনকারীরা ভোটাধিকার চেয়েছিল। বিনিময়ে প্রাণ দিতে হয়েছে। তাদের মধ্যে সবুজও একজন। এই নজরুল ইসলাম মজুমদারের ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করছি।’
নজরুল ইসলাম মজুমদারের পক্ষে সাদেকুর রহমান তমাল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি বলেন, ‘এজাহারে তার নাম নাই। সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর আন্দোলনের সময় তিনি দেশে ছিলেন না। তার বিরুদ্ধে অভিযোগ— তিনি অর্থ সহায়তা দিয়েছেন। অর্থ সহায়তা কিভাবে দিয়েছেন তার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তিনি অসুস্থ, বয়স্ক একজন মানুষ। তার রিমান্ড বাতিলের প্রার্থনা করছি। প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।
এরপর আদালতের কাছে এক মিনিট কথা বলার অনুমতি চান নজরুল ইসলাম মজুমদার। আদালত অনুমতি দিলে তিনি বলেন, ‘আমি হার্টের রোগী। গত সপ্তাহে কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়ি। টেস্ট করে হার্টে ব্লক ধরা পড়েছে। আমার রাইট বান্ডেল পুরো ব্লক। এ অবস্থায় আবার রিমান্ড দিলে অসুস্থ হয়ে পড়বো।’
এক্সিম ব্যাংকের সাবেক এই চেয়ারম্যান আরও বলেন, ‘গত ১৫ মাস ধরে জেলে আছি। অনেক মামলায় রিমান্ড হয়েছে। দুদকের ২ মামলায় রিমান্ড না দিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। রিমান্ডে নেয়া হলে আবার অসুস্থ হয়ে পড়বো।’
নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘আমি ইংলিশে অনার্স, মাস্টার্স। আমাকে প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। রিমান্ডে আপত্তি নেই। তবে রিমান্ডে নিলে যেকোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। জেলেগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রার্থনা করছি।’
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই গুলশান থানার শাহজাদপুর বাটার গলি এলাকায় আন্দোলনে অংশ নেন কামাল হোসেন ওরফে সবুজ (৪০)। ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় চলতি বছরের ৭ জুলাই আওয়ামী লীগের ১০০-১৫০ নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করে রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়।