প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৫ পিএম
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি: সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে রাজধানীর নিকুঞ্জ–১ এলাকায় সাজসজ্জার নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, এই অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ে ইতিমধ্যে একটি অনুসন্ধান টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডের ছয় নম্বর প্লটে অবস্থিত তিন তলা ডুপ্লেক্স বাড়ি রয়েছে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের। রাষ্ট্রপতির দায়িত্ব শেষে তিনি ২০২৩ সালের এপ্রিলে সপরিবারে ওঠেন ওই বাড়িতে। অভিযোগে বলা হয়েছে, বাড়ির পাশের সড়কে বাঁধা, নান্দনিক ডেক, ঝুলন্ত ব্রিজ এবং খালসংলগ্ন আধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করা হয়েছে।
ব্যক্তিগত বাসভবনের শোভাবর্ধনে এসব অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে প্রায় ২৪ কোটি টাকা রাষ্ট্রের ক্ষতি হয়েছে বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে এখন আনুষ্ঠানিকভাবে দুদক অনুসন্ধানের আওতায় রয়েছে বলে জানান তিনি।