ঝুট ব্যবসায়ী মনির হত্যা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৮:২৯ পিএম
ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও কামরুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল হাসান খান পুলক রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী এ তথ্য নিশ্চিত করেন।
একই মামলায় এর আগে গত ১৮ জুন আনিসুল হকের পাঁচদিন, ২৪ সেপ্টেম্বর কামরুল ইসলামের পাঁচদিন এবং ২০ অক্টোবর সোলাইমান সেলিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার অভিযোগ বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।