প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ২৩:৫৮ পিএম
ছবি সংগৃহীত।
মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংক্রান্ত চুক্তির সকল কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি বৈধতা নিয়ে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ মৌখিক নির্দেশ দেন।
শুনানির সময় রাষ্ট্রপক্ষ আদালতকে আশ্বস্ত করে জানায় যে চুক্তির সব কার্যক্রম আপাতত বন্ধ রাখা হবে।
রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন চলতি বছর রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৩০ জুলাই হাইকোর্ট রুল জারি করেন। এর ধারাবাহিকতায় এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের চুক্তি সম্পর্কিত প্রক্রিয়ায় স্থিতাবস্থা চেয়ে সম্পূরক আবেদন দাখিল করে রিট আবেদনকারী পক্ষ।
এই আবেদনের শুনানিতে গত ১৩ নভেম্বর হাইকোর্ট রুল শুনানির জন্য বুধবার (১৯ নভেম্বর) ধার্য করেন। ওইদিন রুলের ওপর শুনানি শুরু হয়। বৃহস্পতিবার শুনানি শেষে চুক্তির সকল কার্যক্রম স্থগিত রাখতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট।