প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৪:৪৮ পিএম
সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীসহ সাতজনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র জজ আদালতে ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম দুদকের পৃথক সাত আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সাবেক বিচারপতিসহ আরও যাদের আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়েছে তারা হলেন- সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুল হক, পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম ফারুক খন্দকার প্রিন্স এবং টিপু মুনশীর স্ত্রী আইরিন মালবিকা মুনশী।
এদিন দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক পাপন কুমার সাহা সাবেক বিচারপতি, সাবেক মন্ত্রী, সাংসদসহ সাতজনের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।