বিচারকের ছেলে হত্যা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১৭:১৪ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫ ১৭:১৪ পিএম
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৮) নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। এ সময়ের মধ্যে বিচারকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ দুটি দাবি মানা না হলে রবিবার (১৬ নভেম্বর) থেকে দেশজুড়ে একযোগে কলম বিরতি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবৃতিতে বলা হয়, প্রকাশ্য দিবালোকে বিচারক পরিবারের ওপর নৃশংস হামলা করে তার ছেলেকে হত্যার ঘটনায় পুরো বিচার বিভাগ আজ স্তম্ভিত ও বাকরুদ্ধ। উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশের বিচারকরা ক্ষোভে ফুঁসছেন।
এতে আরও বলা হয়, জেলা পর্যায়ে পর্যাপ্ত সরকারি আবাসন ও পরিবহন ব্যবস্থা না থাকায় বিচারকদের ‘অরক্ষিত বাসায় ভাড়া থাকতে হয়, রিকশা-ভ্যানে করে এমনকি পায়ে হেঁটেও যাতায়াত করতে হয়।’ বিচার বিভাগের প্রতি এই চরম গাফিলতির কারণেই এই বিপর্যয় ঘটেছে।
অ্যাসোসিয়েশনের দাবি দুটি হলো- ১. সকল আদালত, বিচারকদের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিয়োগ করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ২. রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলায় জড়িত এবং গ্রেপ্তারকৃত আসামিকে আইনবহির্ভূতভাবে গণমাধ্যমের সামনে উপস্থাপনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট থেকে বারবার চিঠি দেওয়া হলেও সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ অ্যাসোসিয়েশনের।