বিচারাঙ্গন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ০০:২৩ এএম
ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া ২১ জন বিচারপতি শপথ গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মো.
আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকন ও স্থায়ী
নিয়োগ পাওয়া বিচারকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। হাইকোর্টের স্থায়ী বিচারপতি
হিসেবে নিয়োগ পাওয়া ২২ জনের মধ্যে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন চিকিৎসাধীন থাকায় গতকাল
তিনি শপথ গ্রহণ করতে পারেননি।
রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে
বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের ২২ জন অতিরিক্ত বিচারককে
বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। আইন, বিচার
ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৪ হতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন
গত মঙ্গলবার জারি করা হয়। এতে বলা হয়, শপথ গ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর করা হবে।
স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত ২২ জন হলেনÑ বিচারপতি মো. গোলাম
মর্তূজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ
জাহেদ মনসুর, বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি
মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি
মো. আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি
মো. হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথিকা হোসেন, বিচারপতি সৈয়দ
মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন,
বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন ও বিচারপতি
শিকদার মাহমুদুর রাজী।
কালো কোট-গাউন পরে মামলা পরিচালনার নির্দেশ
অধস্তন আদালত, ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীদের মামলা পরিচালনার সময় সিভিল রুলস অ্যান্ড অর্ডার্স এবং ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্সের বিধান যথাযথ অনুসরণ করে আগামী ১৬ নভেম্বর থেকে পোশাক পরিধান করার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালসমূহের বিজ্ঞ বিচারকবৃন্দ এবং বিজ্ঞ আইনজীবীবৃন্দের মামলা শুনানিকালে পরিধেয় পোশাক-সংক্রান্ত অত্র কোর্টের গত ২৪ মার্চের বিজ্ঞপ্তির কার্যকারিতা এতদ্বারা স্থগিত করা হলো।’ গ্রীষ্মকালীন গরম আবহাওয়া বিবেচনায় গত ২৪ মার্চ থেকে শুধু কালো কোট, সাদা শার্ট, টাই ব্যান্ড পরে মামলা পরিচালনা করেছেন বিচারক ও আইনজীবীরা।