নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ২০:৫৪ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা, আরেকটি পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলা। ফলে তার জামিন প্রক্রিয়া ফের আটকে গিয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ফতুল্লা থানায় দায়েরকৃত একটি হত্যা মামলা এবং পুলিশের উপর হামলার ঘটনায় সদর মডেল থানায় দায়েরকৃত মামলায় রবিবার (৯ নভেম্বর) রাতে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে গত ৯ নভেম্বর আইভীকে ৫টি মামলা জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলা সহ ৫টি মামলায় তার জামিন দিয়েছেন হাইকোর্ট।
গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলনের চারটি হত্যা মামলাসহ মোট ছয়টি মামলায় গ্রেপ্তার হন আইভী।