প্লট দুর্নীতি মামলা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫ ২০:৪১ পিএম
ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় দুদকের করা পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও রেহানার তিন সন্তানের বিরুদ্ধে ২২ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
রবিবার (৯ নভেম্বর) ঢাকার স্পেশাল জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম তাদের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য শেষে পৃথক তিন মামলায় আগামী ১৬, ২৩ ও ২৫ নভেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়।
এ বিষয়ে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, তিন মামলায় মোট ২২ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে এক মামলায় আটজন ও অপর দুটি মামলায় সাতজন করে ১৪ জন আদালতে সাক্ষ্য দেন।
প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয় মামলা দায়ের করে দুদক। মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেককে আসামি করা হয়। সম্প্রতি সবগুলো মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
মামলার অভিযোগপত্রে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন। তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।