প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ০১:০৫ এএম
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে নিহত আবু বকর রিফাত হত্যা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৫ নভেম্বর) পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।
শুনানির শুরুতে নজরুল ইসলামের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন তার শারীরিক অসুস্থতা ও বার্ধক্যের কথা উল্লেখ করে আদালতের কাছে কাঠগড়ায় বসার অনুমতি চেয়ে প্রার্থনা করেন। তবে আদালত সেই আবেদন মঞ্জুর করেননি।
শুনানিতে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বলেন, একজনকে গ্রেপ্তার দেখানোর ক্ষেত্রে যথাযথ কারণ দেখাতে হয়। কিন্তু পুলিশ কোনো নির্দিষ্ট কারণ উপস্থাপন করতে পারেনি। শুধু বিশেষ কারণে আসামিকে হাজির করা হলে তা মঞ্জুর করা বিচারপ্রাপ্তির পথে বাধা সৃষ্টি করবে। পরে আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে তাকে কারাগারে পাঠান।
চলতি বছরের ২৮ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় দায়ের করা রিফাত হত্যা মামলায় নজরুলকে গ্রেপ্তার দেখাতে গত ২৬ অক্টোবর আবেদন করেন যাত্রাবাড়ী থানার এসআই জুয়েল রানা।
মামলার বিবরণ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট আন্দোলনে অংশ নেন আবু বকর রিফাত। ওই দিন দুপুরের দিকে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৮ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা আওলাদ হোসেন।
গত বছরের ২ অক্টোবর ঢাকার গুলশান থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।