প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৩৯ পিএম
আদালতের নির্দেশে বহুল আলোচিত ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জন আসার বিরুদ্ধে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে শুক্রবার (৩১ অক্টোবর) অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আমার দেশ ও ডেইলি স্টার পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সিআইডি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৭ নম্বর শাখার বিচারক আরিফুল ইসলাম ৩০ অক্টোবর এ বিষয়ে আদেশ দেন। তিনি প্রধান আসামিসহ মোট ২৬১ জনের অনুপস্থিতিতে পলাতক ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
সিআইডির দাখিল করা চার্জশিট অনুযায়ী, “জয় বাংলা ব্রিগেড” নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সংগ্রহ এবং ফরেনসিক বিশ্লেষণ করা হয়।
সিআরপিসির ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি এ মামলাটি দায়েরের ক্ষমতা পায়। পরে সিআইডি বাদী হয়ে রমনা মডেল থানায় রাষ্ট্রদ্রোহ মামলা (সি আর মামলা নং–২২২/২০২৫; ধারা–১২১/১২১ক/১২৪ক দণ্ডবিধি) দায়ের করে।
দ্রুত তদন্ত শেষে সংস্থাটি শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলাটি এখন আদালতে পরবর্তী কার্যক্রমের জন্য প্রস্তুত রয়েছে।
সিআইডি জানায়, দেশের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অন্তর্বর্তী সরকারের “বিচার” এজেন্ডা বাস্তবায়নে তারা দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।