২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ১৭:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
পুঁজিবাজারে কোম্পানিকে তালিকাভুক্ত করতে ভূয়া কাগজ দাখিলের মাধ্যমে ২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাকায় বিদেশি ৯ নাগরিকসহ ১০ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞা পাওয়া বিদেশিরা হলেন- সুং ওয়েন লি অ্যাঞ্জেলা, সুং জাই মিন, মিসেস শিয়াও লিউ ই চি, ম্যাডাম চুক কোয়ান, ম্যাডাম শেয়াও ইয়েন শিন, সুং চুং ইয়াও, ম্যাডাম হ্যাং সিউ লাই, শিয়াও হাই হে এবং মিস্টার সুং ওয়ে মিন। নিষেধাজ্ঞা পাওয়া একমাত্র বাংলাদেশি ফার গ্রুপের চেয়ারম্যান মো: আব্দুল কাদের ফারুক।
দুদকের আবেদনে বলা হয়, ফার গ্রুপের চেয়ারম্যান মো: আব্দুল কাদের ফারুক বিদেশি কোম্পানি ‘রিং শাইন টেক্সটাইল লি.’ (ডিইপিজেড) এর ওয়াকিং ক্যাপিটাল না থাকা সত্বেও কোম্পানিকে পুজিবাজারে তালিকাভুক্ত করার জন্য ভুয়া শেয়ার হোল্ডার ও সকল ধরণের কাগজপত্র ফেবরিকেটেড করে শেয়ার বাজারের আইপিওতে অন্তর্ভূক্ত করে ২৭৫ কোটি টাকার সংঘবদ্ধ আর্থিক জালিয়াতি ও অর্থ আত্মসাত করেছেন। আবদুল কাদের ফারুক অর্জিত অর্থের ৪০-৬০ শতাংশ এর বিনিময়ে ওই কোম্পানির সাথে এমওইউ স্বাক্ষর করে জালিয়াতি করে। অভিযোগটি দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ে অনুসন্ধানাধীন রয়েছে।
এদিন অনুসন্ধানকারীর আবেদনের প্রেক্ষিতে আদালত আব্দুল কাদের ফারুকসহ ওই কোম্পানির বিদেশি চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও পরিচালকসহ মোট ১০ জনের বিদেশ যেতে নিষেধাজ্ঞা জারি করেন।