প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১৮:২৫ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫ ১৮:২৭ পিএম
ফাইল ছবি।
রাজধানীর শাহবাগ থানার ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর করা এক হত্যাচেষ্টার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে গ্রেপ্তার দেখানোর আদেশ মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে আদালতে অ্যাডভোকেট কামরুল ইসলামকে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যার কথা বিবেচনায় খাবার ও পানি দেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন তার আইনজীবীরা। বিষয়টি আদালতের নজরে আনলে আদালত যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দেন।
কামরুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট মোরশেদ আলম বলেন, কামরুল ইসলাম ৭৮ বছরের প্রবীণ মানুষ। ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন তিনি। তাই আমরা তাকে একটি চকলেট ও পানির বোতল দিতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ বাধা দেয়। পরে অবশ্য পানির বোতল দেওয়া সম্ভব হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, তাদের অবগত না করেই হুট করে তাকে আদালতে আনা হয়েছে। স্বচ্ছতার স্বার্থে আইনজীবীদের সব বিষয়ে জানানো উচিত। আদালতে আমরা লড়াই করবো, কিন্তু আমাদের অন্ধকারে রাখা হয়েছে, যা সংবিধান ও মানবাধিকার দুইটিরই পরিপন্থি।
মামলার বিবরণে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট আন্দোলনকারীরা বাংলা মোটর ফুটওভার ব্রিজের মোড়ে অবস্থান করছিল। এ সময় আসামিরা লাঠি, দেশি-বিদেশি ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে এবং অনবরত গুলি ছুড়তে থাকে। এ সময় গুলিবিদ্ধ হন আল আমিন ইসলাম। এ ঘটনায় আল আমিন গত বছরের ৯ সেপ্টেম্বর কামরুল ইসলামসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা করেন।
গত বছরের ১৮ নভেম্বর ঢাকার উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।