প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ১৪:২৬ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫ ২১:৪৯ পিএম
ছবি: গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান।
প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ তিনজন।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে আইনজীবীর মাধ্যমে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত ৫ হাজার টাকার মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া অন্য দুজন হলেন- গ্রামীণফোনের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক ও চিফ হিউম্যান রিসোর্স অফিসার সায়িদা হোসেন।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর গ্রামীণফোনের সাবেক কর্মী রাকিবুল আজম বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। আসামিদের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিদের ২৬ অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি করেন।
গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়, "এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মামলা। আমাদের সিনিয়র ম্যানেজমেন্টকে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলা দায়ের করা হয়েছে। আমরা আইনের প্রতি আস্থাশীল। আমরা বিশ্বাস করি, আদালতে আমরা ন্যায়বিচার পাব।"