দুর্নীতির অভিযোগ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ২০:০৪ পিএম
দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান এএফএম শাহীনুল ইসলাম ও তার স্ত্রী সুমা ইসলামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত দুনীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. রাসেল রনি তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, এএফএম শাহীনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জনপূর্বক বিদেশে অর্থ পাচারের একটি অভিযোগের অনুসন্ধান দুদকে চলমান রয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করার চেষ্টা করছেন। অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এএফএম শাহীনুল ইসলাম ও তার স্ত্রী সুমা ইসলামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।