প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ১৮:০৭ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫ ১৮:০৭ পিএম
ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে কোরাআন অবমাননার অভিযোগে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গত ৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক চাঁদ মিয়া আসামি অপূর্বকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে রিমান্ডের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়।
এরপর তার উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয়। শুনানি চলাকালে আসামি অপূর্ব পাল আদালতকে জানান, ঘটনার দিন কি হয়েছে, তার মনে নেই। তার সঙ্গে অদৃশ্য কিছু আছে বলে দাবি করেন তিনি। এ সময় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, এই আসামি কোরআন অবমাননার সঙ্গে জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। জিজ্ঞাসাবাদে সে ইচ্ছাকৃতভাবে ঘটনার দিন ও সময়ে ঘটনাস্থলে মুসলিম ধর্মাবলম্বীর পবিত্র গ্রন্থ কোরআন শরীফ হাতে করে নিয়ে এসে সবার সামনে হাত থেকে ফ্লোরের উপর ফেলে পা দিয়ে পদদলিত করে ধর্মের বিশ্বাসের অবমাননা করে মুসলমানদের অনুভূতিতে আঘাত হানার কথা স্বীকার করেছে। বিষয়টি দেশব্যাপী বহুল আলোচিত ঘটনা, যা দেশের সকল ধরনের মিডিয়ায় প্রচারিত হয়েছে। ঘটনাটি কারো ইন্ধনে বা কোন সম্প্রদায়েরে উস্কানিতে এবং দেশে নৈরাজ্য ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য হয়েছে কী না, তা জানতে অপূর্বকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে উদঘাটনের সম্ভবনা রয়েছে।
এর আগে গত ৪ অক্টোবর মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী কোরআন শরীফ অবমাননা করেন বলে অভিযোগ ওঠে।
এরপর রাতেই তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে ভাটারা থানার উপ-পরিদর্শক হাসমত আলী বাদী হয়ে মামলার দায়ের করেন। পরদিন এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে অপূর্বকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আদালত ওই আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।