প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ২০:১৩ পিএম
ছবি সংগৃহীত।
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় তার মায়ের করা রিভিশন আবেদনের শুনানি শেষ হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালতে বাদীপক্ষের আইনজীবী মো. ওবায়দুল্লাহ শুনানি শেষ করেন। এরপর আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ওবায়দুল্লাহ বলেন, আমরা মামলার কিছু ডকুমেন্ট চেয়ে রিভিশন দায়ের করি। ২০২২ সাল থেকে শুনানি শুরু হয়। আজকের দিনে এসে তা শেষ হলো। আমরা শতভাগ আশাবাদী, আদালত আমাদের রিভিশন মঞ্জুর করবেন। এরপর তথ্যগুলো পর্যালোচনা করে আমরা মামলাটি পুনরায় তদন্তের আবেদন করব।
এদিন রিভিশন শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত হন সালমান শাহর ভক্তরা। বিচারের দাবিতে তারা আদালতপাড়ায় মানববন্ধনও করেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান তিনি। এরপর সিআইডি ও বিচার বিভাগীয় তদন্তে সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হয়।
২০১৪ সালের ২১ ডিসেম্বর সালমান শাহর মা নীলা চৌধুরী ছেলের মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান এবং ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। পরে পিবিআইর তদন্তেও বলা হয়, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছিলেন। ২০২১ সালের ৩১ অক্টোবর পিবিআইর দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেন আদালত। এর বিরুদ্ধে রিভিশন আবেদন করেন সালমান শাহর মা।